বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষ ক্যাডারের শিক্ষকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে একসপ্তাহের মধ্যে অষ্টম বেতন কাঠামো চূড়ান্ত করা হচ্ছে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার দুপুরে সচিবালয়ে বেতন-ভাতা বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এদিকে, পদমর্যাদা, টাইমস্কেল, সিলেকশনগ্রেড পূর্নবহালসহ বিভিন্ন দাবিতে রোববারও আন্দোলন কর্মসূচী পালন করেছেন শিক্ষকরা।
নতুন বেতন কাঠামোতে পদমর্যাদা, পদোন্নতি, স্বতন্ত্র বেতন কাঠামো এবং টাইমস্কেল, সিলেকশনগ্রেড পুর্নবহালের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজসহ বিসিএস সাধারণ শিক্ষক সমিতি, প্রকৃচি বিসিএস কর্মকর্তারাও বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।
এর পরিপ্রেক্ষিতে বেতন-বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। কমিটি প্রথমবারের মতো রোববার সচিবালয়ে বৈঠকে বসে। সেখানে শিক্ষকদের এসব দাবি পূরণের বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে ব্রিফিং এ অর্থমন্ত্রী বলেন, শিক্ষকদের সুযোগ-সুবিধা কোনোভাবেই কমানো হচ্ছে না।
নতুন বেতন কাঠামোতে টাইমস্কেল, সিলেকশন গ্রেড না থাকলেও শিক্ষকদের পদোন্নতির বিষয় অর্ন্তভূক্ত থাকবে বলে জানান তিনি।
আর শিগরিরই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করে গেজেট প্রকাশ হবে বলেও জানান অর্থমন্ত্রী।
এর আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের পাঁচদফা দাবি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
এদিকে বিসিএস সাধারণ শিক্ষক সমিতি পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে শিক্ষা ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেন।