দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা থাকলেও বিচারের ওপর আস্থা নেই বলে জানিয়েছেন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দীপনের স্ত্রী যেহেতু মামলা করতে আগ্রহী এজন্য তাকে (বৌমাকে) সহায়তা করবো, শাহবাগ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
জাগৃতি প্রকাশনীর মালিক ও ব্লগার ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। ঘটনার দুই দিন পরেও তদন্তে নেই কোনো অগ্রগতি; হত্যার ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।
এদিকে, লালমাটিয়ায় এক প্রকাশকসহ ৩ জনের ওপর হামলার ঘটনায়ও এ পর্যন্ত কোনো মামলা হয়নি। এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গত শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতির কার্যালয়ে দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। একই দিন দুপুরে শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় এর কর্ণধার আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম ও লেখক-গবেষক রণদীপম বসুকে।