সরকারের ব্যর্থতার কারণেই মুক্তবুদ্ধি চর্চাকারীদের ওপর বারবার আঘাত আসছে বলে মন্তব্য করেছেন লেখক-প্রকাশকরা। মঙ্গলবার এসব ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়ার ঘোষণা দেন প্রকাশকরা।
সোমবার সকালে দীপন হত্যা ও শুদ্ধস্বরের প্রকাশকসহ ৩ জনকে হত্যাচেষ্টার প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তারা এ কথা বলেন।
এ সময় প্রকাশক-ব্লগারদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে বই প্রকাশনা বন্ধ করে দেয়ার ঘোষণা দেন তারা।
জাগৃতি প্রকাশনীর মালিক ও ব্লগার ফয়সাল আরেফিন দীপনকে হত্যা ও শুদ্ধস্বরের প্রকাশকসহ ৩ জনকে হত্যাচেষ্টার প্রতিবাদে সোমবারেও রাজধানীসহ সারাদেশেই সমাবেশ, বিক্ষোভ মিছিলসহ নানান কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।
পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে অর্ধ দিবস বই বিক্রি বন্ধ রাখেন প্রকাশকরা।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে 'শিক্ষক, শিক্ষার্থী, লেখক ও প্রকাশক' ব্যানারে প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ যোগ দেয় গণজাগরণ মঞ্চের কর্মীরাও। এসব ঘটনার জন্য পশ্চিমা ষড়যন্ত্র দায়ী উল্লেখ করে বক্তারা বলেন, এ কারণেই হত্যাকাণ্ডের বিচার করছে না সরকার।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে লেখক ও প্রকাশক' ব্যানারে প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বিভিন্ন প্রকাশনার প্রকাশক, লেখক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও যোগ দেন। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এ সময় বক্তারা বলেন, আগের হত্যাগুলোর বিচার না হওয়ায় এ ধরনের তৎপরতা চালিয়েও অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে।
সমাবেশ শেষে বই পুড়িয়ে প্রতিবাদ করেন প্রকাশকরা। পরে, একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।