জেলহত্যা দিবসে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মঙ্গলবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এ সময় মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও মেয়ে ডা. সৈয়দা জাকিয়া লিপি এবং ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন।