হরতাল চলাকালে নতুন কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, লেখক-প্রকাশক-ব্লগার হত্যার বিচার দাবি ও তাদের ওপর হামলার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল ও শুক্রবার শাহবাগে গণসংহতি সমাবেশ করা হবে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগে গণজাগরণ মঞ্চের ডাকা হরতালে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
শিগগিরই ব্লগারসহ সকল মুক্তচিন্তার চর্চাকারীদের হত্যার বিচার না করলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ইমরান এইচ সরকার।
তিনি আরো বলেন, সাধারণ মানুষের নিরপত্তাহীনতা যখন চরম পর্যায়ে ঠিক তখনই হরতাল দিতে বাধ্য হয়েছে গণজাগরণ মঞ্চ।
একের পর এক ব্লগারসহ মুক্তমণা মানুষ হত্যায় জড়িতদের দ্রুত ধরে বিচারের আওতায় আনার দাবি জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
এর আগে লেখক-প্রকাশকের ওপর হামলা-হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলছে গণজাগরণ মঞ্চের হরতাল।
শাহবাগের প্রজন্ম চত্বরে সকাল থেকেই অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকরা। পরে মঞ্চের কর্মীরা শাহবাগে একটি মিছিল বের করেন। মিছিলটি বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।
পরে শাহবাগ সড়কের মোড়ে গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকরা অবস্থান নিলে সবদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ সড়কের যানবাহন অন্যান্য রুট ব্যবহার করে চলতে দেখা গেছে। রাজধানীর অন্যান্য এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
হরতালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ যুব ইউনিয়ন ও উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও ছাত্রসংগঠন সমর্থন দেয়।
হরতালের সমর্থনে সাভারে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সামনে আবস্থান নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
এদিকে, গণজাগরণ মঞ্চের ডাকা হরতালের কারণে নাটোরে সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকে।
দিনাজপুরেও স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হয়। এ সময় বন্ধ থাকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল। খোলা হয়নি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।
এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও নড়াইলেও হরতাল সমর্থনে মিছিল-সমাবেশ করা হয়।
উল্লেখ্য, প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা, কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্ত্বাধিকারী আহমেদুর রশিদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং তাদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে রোববার এ অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করা হয় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে।