পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদী শাসন ও ভূমি উদ্ধারে বাংলাদেশের ডেল্টা প্ল্যান ২১শ' বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস।
দেশটির অবকাঠামো ও পরিবেশ মন্ত্রী মেলানি হেগেন বলেন, দীর্ঘ দিন ধরেই বাংলাদেশে পানি খাতের উন্নয়নে সহযোগিতা দিয়ে আসছেন তারা।
বুধবার নেদারল্যান্ডসে 'দ্য ডেল্টা প্ল্যান অ্যাপ্রোচ' শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে দেশটির ব-দ্বীপ এলাকা পরিদর্শন করছেন তিনি। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিন দিনের সফরে নেদারল্যান্ডস অবস্থান করছেন তিনি।
নিজ দেশের পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন ও ঘন জনবসতিপূর্ণ এলাকার কথা উল্লেখ করে মন্ত্রী সমুদ্রসীমার নীচে অবস্থিত শিফল আন্তর্জাতিক বিমান বন্দরের কথা তুলে ধরেন। বিমানবন্দরটি সমুদ্রসীমার চার মিটার নিচে অবস্থিত।
অভিজ্ঞতা বিনিময়ে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বন্যাপ্রবণ বাংলাদেশ ও সমুদ্রসীমা বৃদ্ধির ঝুঁকিতে থাকা বাংলাদেশের সঙ্গে নিজ দেশের তুলনা করেন হেগেন। তিনি ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন। পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের ৮শ বছরের ইতিহাস রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে সকালে দেশটির বৈদেশিক বাণিজ্য উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়ান প্লাউম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ডাচ মন্ত্রী।
স্থানীয় সময় সন্ধ্যায় ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। এ সময় দু দেশের সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, একাধিক চুক্তি স্বাক্ষরের পাশাপাশি পারস্পারিক সহযোগিতা সংক্রান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে।
রাণী ম্যাক্সিমা সিরোটির সঙ্গেও সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গেও শেখ হাসিনার বৈঠক করার কথা রয়েছে।