প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা নিয়ে নিজের করা মন্তব্যকে ডেড ইস্যু–এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সম্প্রতি ‘দীপনের বাবা ছেলের হত্যাকারিদের মতাদর্শে বিশ্বাসী বলেই বিচার চান না’ নিজের এমন বক্তব্যের সমালোচনার প্রেক্ষিতে বুধবার রাজধানীর ধানমণ্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতায় প্রকাশক দীপন হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না—জানিয়ে একে কেন্দ্র করে মন্তব্যকে ডেড ইস্যু বলে আখ্যা দেন মাহবুব উল আলম হানিফ।
লেখক-প্রকাশক-ব্লগার হত্যায় জড়িতদের সরকার দ্রুত আইনের আওতায় আনতে বদ্ধপরিকর—উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজনীতিতে জড়িতদের সঙ্গে জাতীয় ঐক্য সম্ভব নয়।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রযুক্তির সীমাবদ্ধতায় প্রকাশক ও ব্লগার হত্যাকারিদের এখনো ধরা সম্ভব হচ্ছে না বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
এর আগে সংবাদ সম্মেলনের শুরুতেই প্রতিহিংসার রাজনীতি করছেন দাবি করে লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্যের সমালোচনা করেন মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে প্রভূর নির্দেশে দেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন খালেদা জিয়া। তাই দেশের রাজনীতির জন্য মূর্তমান আতঙ্ক তিনি। এদের সঙ্গে কোনো জাতীয় ঐক্য নয়।
এদিকে, ঢাকা রিপোটার্স ইউনিটিতে আওয়ামী লীগের সাবেক ‘সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর’ তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় আওয়ামী লীগ নেতারা বলেন, যারা বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের সঙ্গে জাতীয় ঐক্য গড়া সম্ভব নয়।
এ সময় দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া বিদেশে বসে রাজনৈতিক ছদ্মবেশে হত্যাকাণ্ড ঘটাচ্ছেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ জাতীয় ঐক্যে বিশ্বাস করলেও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সঙ্গে জাতীয় ঐক্য সম্ভব নয়।