লেখক-প্রকাশক-ব্লগার হত্যা ও তাদের ওপর হামলার বিচার দাবিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।
পরে স্মারকলিপি দিয়ে বেরিয়ে ডা. ইমরান সাংবাদিকদের বলেন, সরকারের দায়িত্বরতদের সঙ্গে কথা বলতে গেলেই তারা আমাদের আশ্বস্ত করতে চান। আশ্বস্ত করার পর তাদের আর কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায় না। তবে এবার আশ্বাস নয়, পদক্ষেপ চাই।
তিনি আরো বলেন, দেশব্যাপী যে আক্রমণগুলো হচ্ছে সেগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা হয়। পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীও আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রত্যাশা ব্যক্ত করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে কোনোভাবেই পিছু না হটে। দেশকে রক্ষার জন্য, সন্ত্রাসবাদ ও জঙ্গি দমনে যেনো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে শাহবাগের প্রজন্ম চত্বরে জড়ো হতে থাকেন মঞ্চের কর্মী ও প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। পরে বেলা পৌনে ১২টার দিকে কফিন মিছিল নিয়ে মন্ত্রণালয় অভিমুখে রওনা দেয় তারা।
শাহবাগ থেকে টিএসসি, দোয়েল চত্বর হয়ে প্রেসক্লাবের সামনে গেলে পুলিশি বাধার মুখে পড়ে মিছিলটি।
এ সময় ইমরান এইচ সরকার বলেন, জঙ্গিবাদের এ হামলা পুলিশ ও মুক্তমনাদের বিরুদ্ধে নয়, বরং এটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। সবাইকে জঙ্গিবাদ বিপক্ষে রুখে দাঁড়াতে হবে।