সহিংসতা ও চরমপন্থা মোকাবেলায় বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র— বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি উইলিয়াম টড।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে টডের নেতৃত্বে ৩ সদস্যের মার্কিন প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সম্প্রতি বাংলাদেশ সরকারের নেয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন উইলিয়াম টড।
তিনি বলেন, পুলিশ হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে যুক্তরাষ্ট্র, এসব হত্যাকাণ্ড বন্ধে বাংলাদেশকে তথ্য দিয়ে সহায়তা করবে।
নিরাপত্তা জোরদারের পরও বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাফেরায় সতর্কবার্তা বহাল রাখা যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বিদেশি নাগরিক, লেখক-প্রকাশক-ব্লগার খুনের মতো ঘটনায় বাংলাদেশকে তথ্য দিয়ে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।