তল্লাশি চৌকিতে দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্য আক্রান্ত হলে গুলি চালানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলার ঘটনা পরপরই এ ধরনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ পুলিশ। বুধবার ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি সদরদপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এ ব্যাপারে আবারো নির্দেশনা দেয়া হয়েছে।
সাভারের আশুলিয়ার নন্দনপার্কের সামনে দায়িত্বরত অবস্থায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় বৃহস্পতিবারও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, চেকপোস্টে তল্লাশির সময় পুলিশ কনস্টেবল মুকুলের ওপর দুর্বৃত্তরা হামলা চালালে অন্যান্য পুলিশ সদস্যরা শালবনের ভিতরে পালিয়ে যান।
এদিকে, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানায় একটি মামলা করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গত ২৪ ঘণ্টায় ৭ জনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্তে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নুরুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে আশুলিয়া থানার এসআই হাবিবকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এদিকে, বিকেলে সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে আইএসের সম্পৃক্ততা নিয়ে ফেইসবুকে যেসব তথ্য এসেছে তা ভিত্তিহীন।
এদিকে, এনাম মেডিকেলে চিকিৎসাধীন আহত কনস্টেবলের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।