অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে আন্তর্জাতিক মহলে যুদ্ধাপরাধীদের পক্ষে সমর্থন যোগাচ্ছে বলে অভিযোগ করেছে সেক্টর কমান্ডার্স ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান কর্নেল আবু উসমান চৌধুরী।
সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিবৃতি প্রদানের প্রতিবাদে শুক্রবার রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অ্যামনেস্টির মুক্তিযোদ্ধাদের বিচার দাবি ধৃষ্টতার মাপকাঠি ছাড়িয়ে গেছে বলেও মন্তব্য করে সেক্টর কমান্ডার্স ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান।
যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলে অ্যামনেস্টি মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদকে অপমান করেছে—উল্লেখ করে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুহিন আফরোজ বলেন, এ ধরনের বিবৃতি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের ওপর আঘাত।
অ্যামনেস্টির বিবৃতিটি যুদ্ধাপরাধীদের প্রতি সমবেদনার শামিল বলেও এ সময় অভিযোগ করেন সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্যরা।
জানা গেছে, সংগঠনের পক্ষ থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে একটি প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে।
গত ২৭ অক্টোবর লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে এক বিবৃতি দেয়। ওই বিবৃতিতে যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান ও ৭১-এ মুক্তিযোদ্ধাদের ভূমিকা ও তাদের বিচার দাবি করা হয়।