নেপথ্য ঘাতকের সহায়তায় দেশকে জামাতীকরণ করছে জামাত- আবারো এমন অভিযোগ করেছেন একাত্তরের ঘাতক দালাল র্নিমূল কমিটি ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মৌলবাদের উৎস ও করণীয় নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্র ও রাষ্ট্র পরিচালনাকারী দলের নেপথ্যে গুপ্ত ঘাতকের উপস্থিতির কথা তুলে ধরে তিনি আরো বলেন, সরকার পরিচালনাকারী দলেও গুপ্তঘাতক রয়েছে। নাগরিকদের সমন্বয় ছাড়া শুধুমাত্র রাষ্ট্রীয় বাহিনী দিয়ে অপরাধ দমনও এর অন্যতম কারণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেসবাহ কামাল বলেন, বিজ্ঞান নিয়ে পড়াশুনা করলেই কেউ বিজ্ঞানমনস্ক হয় না বলেই বিজ্ঞানের অপব্যবহার করে জঙ্গি মৌলবাদী গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে।
এ সময় নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আবদুর রশীদ বলেন, সংকট সমাধানে জনগণ ও আইন-শৃঙ্খলা সমন্বয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
একইসঙ্গে অপরাধ দমনের পাশাপাশি মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক প্রগতিশীলতা ছড়িয়ে দেয়া আহ্বান জানান এ নিরাপত্তা বিশ্লেষক।
এছাড়াও গোলটেবিল আলোচনায় বিশিষ্টজনের বলেন, শুধুমাত্র অপরাধীকে শাস্তি দেয়ার ওপর নির্ভর না করে মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক আন্দোলনের বীজ বপন করতে হবে।