বিলুপ্ত ছিটমহলে ভূমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছেন নাগরিক প্রতিনিধিরা।
পাঁচটি সাবেক ছিটমহলের সাধারণ মানুষের ভূমি সমস্যা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংসদের চলতি অধিবেশনেই এ নিয়ে আলোচনারও তাগিদ দিয়ে বক্তারা সেই সঙ্গে অনিয়ম, দুর্নীতি এবং প্রভাবশালীদের দৌরাত্ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের কথাও বলেন।
অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম -এএলআরডি, আইন ও সালিশ কেন্দ্র এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি যৌথভাবে পাচঁটি বিলুপ্ত ছিটমহলের সাধারণ মানুষের ভূমি সমস্যা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংশ্লিষ্ট অঞ্চলে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি নিয়ে লিখিত বক্তব্যের পাশাপাশি সুপারিশ ও দাবিসমূহ তুলে ধরেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল।
ভূমি মালিকানার বৈধতা এবং ন্যায্যভাবে ভোগ-দখল নিশ্চিত করতে একটি বিশেষ ভূমি ট্রাইবুন্যাল গঠনের আহ্বান জানান তিনি।
অনিয়ম, দুর্নীতি এবং প্রভাবশালীদের দৌরাত্ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সেই সঙ্গে টাকার বিনিময়, জমি রেজিস্ট্রেশনসহ নানা বিষয় নিয়ে ভারতের সঙ্গে এখনো দেন-দরবার শেষ হয়ে যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
সংসদের চলতি অধিবেশনেই ভূমি ট্রাইবুন্যাল গঠনের বিষয়টি চূড়ান্ত করারও তাগিদ দেন বক্তারা।