ব্যাপকভাবে বিএনপি নেতা-কর্মীদের ধরপাকড় করা হচ্ছে— এমন অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ অভিযোগ সঠিক নয়। গণতন্ত্রকে তৃণমূলে পৌঁছে দিতেই দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের আয়োজন করা হচ্ছে বলেও জানান তিনি।
রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটেরিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্যা প্রেস তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতেই সুনির্দিষ্ট অভিযোগে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।
ব্যপক ধরপাকড়ের কারণে স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে দলটি যে সংশয় প্রকাশ করেছে সে বিষয়ে মোশাররফ হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু করতেই অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। গণগ্রেপ্তার বা উদ্দেশ্য প্রণেদিতভাবে কাউকে আটক করা হচ্ছেনা।
বিশ্বের বিভিন্ন দেশে এ নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হয়—উল্লেখ করে তিনি আরো বলেন, গণতন্ত্রকে তৃণমূলে পৌঁছে দিতে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হচ্ছে।
এ সময় জেলা পরিষদ নির্বাচন নিয়েও সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান সমবায় মন্ত্রী।
এছাড়া, নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে মোশাররফ হোসেন বলেন, স্থানীয় সরকারের সেবা জনগনের দোর গোড়ায় পৌঁছে দিতে আগামী তিন বছরের মধ্যে গ্রামের কাঁচা সড়ক পাকা করা হবে।