বাংলাদেশ রেলওয়ের জন্য ২৫০টি নতুন যাত্রীবাহী কোচ ও ১০টি ইঞ্জিন কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সকালে রাজধানীতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের বৈঠকে এ সংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
চলতি বছরে একনেকের ১২তম সভায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন এবং জাতীয় উৎপাদনশীলতা বিষয়ক ১০টি প্রকল্প উপস্থাপন করে। বিশেষ করে রেলের আধুনিকায়ন এবং দেশের বিভিন্ন জায়গায় ৬১টি সেতু নির্মাণের বিষয়টি আলোচনায় গুরত্ব পায়।
পরে সংবাদ সম্মেলনে পরিকল্পমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, উত্থাপিত ১০টি প্রকল্পই একনেক অনুমোদন দিয়েছে। রেলের উন্নয়নে নেয়া প্রকল্প ২টি বাস্তবায়িত হলে উন্নত মানের যাত্রীসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।
মন্ত্রী বলেন, প্রকল্প দুটিতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১০৮ কোটি টাকা। এর পাশাপাশি সংসদ সদস্য, মন্ত্রী ও সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য রাজধানীর শেরে বাংলা নগরে ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণের জন্যও একটি প্রকল্প পাস করা হয়েছে।
তিনি আরো বলেন, বৈঠকে সংসদ সদস্য, মন্ত্রী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারিদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ জন্য ২১৮ কোটি টাকার একটি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পও পাস করা হয়েছে।
এগুলোসহ ৬ হাজার ২৫০ কোটি টাকা ব্যয়ে মোট ১০টি প্রকল্পে অনুমোদন দিয়েছে একনেক।
এছাড়াও সংবাদ সম্মেলনে অক্টোবর মাসের মুল্যস্ফীতির হালনাগাদ চিত্রও তুলে ধরা হয়। এ মাসে মুল্যস্ফীতি আগের মাসের চেয়ে সামান্য কমে ৬.১৯% দাঁড়িয়েছে।