রাজধানীর গণপরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে আগামী কয়েক মাসের মধ্যে ঢাকার ২৮০টি বাস কোম্পানি একত্রীকরণ করে ৫-৭টি করা হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র আনিসুল হক।
বুধবার রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন জলাশয়ের কচুরিপানা ও আবর্জনা অপসারণ কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
মেয়র বলেন, যানজট কমাতে গাজীপুর থেকে ঢাকায় আসার পথে ডানে মোড় নেয়ার সকল ডিভাইডার বন্ধ করে ইউলুপ তৈরি করা হবে। সেইসঙ্গে আগামী মার্চের মধ্যে সকল সড়ক থেকে ডাস্টবিন সরিয়ে নেয়া হবে।
এছাড়া আগামী জুনের মধ্যে যেসব এলাকায় বিদেশিরা অবস্থান করেন তার পুরোটাই সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানান আনিসুল হক।
এরপর উত্তর সিটি করপোরেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগামী ১৪ নভেম্বর শনিবার জাতীয় এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস-৫বছর বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান তিনি।