চিকিৎসা সেবা দিতে গিয়ে আরো আন্তরিক হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৪র্থ জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যখাতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, অচিরেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশন গড়ে তোলা হবে। কমিউনিটি ক্লিনিকগুলো ভবিষ্যতে যেন কেউ বন্ধ করতে না পারে সে জন্য আইনও করা হবে।
এছাড়াও নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার কাজ গুরুত্ব পাবে বলেও জানান প্রধানমন্ত্রী।
শত প্রতিকূলতা মোকাবেলা করে দেশ এগিয়ে যাচ্ছে— উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসা সেবা প্রতিটি মানুষের দোড়গোরায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার।
এ সময় সরকার উৎখাতের জন্য বিএনপি-জামাত খুনের রাজনীতি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি অভিযোগ করেন, যারা স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তারাই খুন-খারাবি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। দেশের মানুষ খুন করে সরকার উৎখাতে ব্যর্থ হয়ে এখন বিদেশীদের হত্যা করে সরকার উথখাত করতে চায় বিএনপি নেত্রী।
এ ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির ৪র্থ জাতীয় সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।