দেশের বর্তমান উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যেতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহযোগীদের পাশাপাশি দেশের সর্বোস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন—এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন রয়েছে এবং এর জন্য সরকার বিদেশি সহযোগিতা কমিয়ে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করছে।
সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতে উন্নয়ন সহযোগী দেশগুলোকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বানও জানান শেখ হাসিনা।
এ সময় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে শ্রম অভিবাসনের গুরুত্ব উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
উন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয়নের জন্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সহযোগিতার প্রয়োজন।
পরে ডেভেলপমেন্ট ফোরামের বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ এ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে বিডিএফের আয়োজনে সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করা, সুশাসন ও উন্নয়ন, স্বাস্থ্য ও মানসম্মত শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং জেন্ডার সমতাকে অর্থনৈতিক উন্নয়নের মূলধারায় আনাকে অগ্রাধিকার দেয়া হয়।