ফ্রান্স সফর বাতিল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার থেকে তিন দিনের সফরে ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার কথা ছিল তার। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে যাচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন, উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় ফ্রান্স সরকারের সঙ্গে আলোচনা করে এ সফর স্থগিত করা হয়েছে। ইউনেস্কোর সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার তিন দিনের ফ্রান্স সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সম্মেলনে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ফ্রান্সের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে পাঠানো শোকবার্তায় বলেছেন, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের সঙ্গে কাজ করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা সন্ত্রাসীই। তাদের কোনো ধর্ম-বর্ণ নেই। কোনো সভ্য সমাজে তাদের কোনো স্থান নেই।
গত শুক্রবার প্যারিসে কমপক্ষে ৬টি স্থানে সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। ভয়াবহ এসব হামলায় আরও কয়েক’শ ব্যক্তি আহত হন। হামলার পর দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জরুরি অবস্থা জারি করেন। একই সঙ্গে দেশটির সব সীমান্ত বন্ধের নির্দেশ দেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি দেড় হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। আজ থেকে দেশটিতে শুরু হয়েছে তিন দিনের জাতীয় শোক।