দেশের বৃদ্ধিজীবীদের ওপর জামাতের যে আক্রোশ তা আজও শেষ হয়নি এজন্যই অধ্যাপক আনিসুজ্জামান, হাসান আজিজুল হককে ‘হত্যার’ হুমকি দেয়া হয় নিরাপত্তা চেয়ে তাদের আইনের আশ্রয় নিতে হয় এ মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মঙ্গলবার জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় অ্যার্টনি বলেন, যদি বুদ্ধিজীবীদের হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কমানো হয় তাহলে দেশবাসী হতাশ হবেন।
মাহবুবে আলম বলেন, ‘আসামিপক্ষ আদালতে জানিয়েছে, আলবদর বাহিনী সম্পূর্ণ পাকিস্তানি সেনাদের নিয়ন্ত্রণে ছিল আর মুজাহিদকে শুধু বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। কিন্তু তিনি কোনো বুদ্ধিজীবীকে হত্যা করেছেন—এমন সাক্ষ্যপ্রমাণ নেই।’
মাহবুবে আলম বলেন, ‘আমরা আদালতে জানিয়েছি, মুজাহিদ সেই সময় আলবদর বাহিনীর নেতা ছিলেন— তিনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন আর বুদ্ধিজীবী হত্যার জন্য আলবদরদের উজ্জীবিত করেছেন। বক্তব্য দিয়েছেন। উসকানি দিয়েছেন। মুক্তিযোদ্ধা ও বৃদ্ধিজীবীদের নিশ্চিহ্ন করার আহ্বান জানিয়েছেন।’
বিশ্বের বহু দেশে নজির আছে, মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা করলে ও উসকানি দিলে তাদের সর্বোচ্চ সাজা দেয়া হয়—উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, এজন্য সরাসরি হত্যাকারীর অবস্থানে থাকার দরকার নেই। এসব বিষয় বিবেচনা করে, আদালত সঠিকভাবেই আপিলের রায়ে তার মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা আশা করি, আপিল বিভাগের রায় বহাল থাকবে।’