বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র— বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে আমাদের ৪৪ বছরের সুসম্পর্ক। আমরা একসঙ্গে কাজ করছি, বাংলাদেশকে সহযোগিতা করছি, অন্য দেশকেও করছি।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বিমান বন্দরগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এখনো অনেক ক্ষেত্রে ঘাটতি রয়েছে উল্লেখ করে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি আরো বলেন, নিরাপত্তা ইস্যুতে অনেকটাই ক্ষতিগ্রস্ত দেশের পর্যটন খাত।,
যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট দেশগুলোকে তাদের নিজ নিজ নাগরিকদের চলাচলে জারি করা সতর্ক বার্তা তুলে নেয়ার আহ্বানও জানানো হয়েছে বলেও জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী।
এদিকে, গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে রাশেদ খান মেনন এর সঙ্গে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার মার্ক ক্লেটন বৈঠক হয়।
বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা আরো বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যে— বলে জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী।
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে প্রত্যেকটি বিমানবন্দরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
জনবল ও প্রযুক্তিগত ঘাটতি উল্লেখ করে তিনি বলেন, সেসব বিষয় পূরণেও কাজ চলছে।
বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে ডেপুটি হাইকমিশনার বলেন, সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।