ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নিবন্ধন বাতিলের জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রচলিত আইনে আছে, সংসদ, সংবিধান ও রাষ্ট্র সম্পর্কে কেউ বিদ্বেষমূলক কথা বলতে পারবে না।
তবে টিআইবি সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলেছে— তাদের ক্ষমা চাওয়ার জন্য তিন দিনের সময় দেয়া হয়েছিল কিন্তু তারা এখনো ভুল স্বীকার করেনি বা তাদের এতোই অহমিকা যে, তারা সংসদের কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, তাই ‘বৈদেশিক অনুদান ও স্বেচ্ছাসেবক বিল-২০১৫’ এর মধ্যে টিআইবি’র নিবন্ধন বাতিলের সুপারিশ সংযোজন করা হয়েছে।
সুরঞ্জিত বলেন, টিআইবির নিবন্ধন বাতিল করতে কোনো বাধা নেই— সুপারিশ করেছি, এনজিও বিষয়ক ব্যুরো তাদের নিবন্ধন বাতিল করবে।