সরকার যখনই মনে করবে তখনই ফেসবুক, ভাইবার, হোয়াট'স অ্যাপের মতো বন্ধ রাখা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো চালু করবে—বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তরপর্বে আবারো তিনি এ কথা বলেন।
নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে এসব বন্ধ রাখা হয়েছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
বুধবার দুপুরে ভাইবার, ওয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।
তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এর অপব্যবহার ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো সন্ত্রাসীরা নিরাপদ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করছে- এটিই ভাবিয়ে তুলছে নিরাপত্তা বাহিনী ও সরকারকে।
স্বরাষ্ট্রমন্ত্রী বারবারই বলছেন, নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ আছে এসব মাধ্যম। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে আবারো একথা উল্লেখ করে তিনি বলেন, সরকার যখন মনে করবে তখনই এসব পুনরায় চালু করে।
তবে চালু আছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্যাংগো, স্কাইপি, টুইটার, ইমোর মত অ্যাপসগুলো যদিও এগুলোর দিকেও কঠোর নজরদারি রয়েছে সরকারের। চালু আছে ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে বিএনপির অবরোধ কর্মসূচি চলার সময় নিরাপত্তার কারণ দেখিয়ে ভাইবার, ট্যাংগো, হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের পাঁচটি অ্যাপসের সেবা সাময়িক বন্ধ করে দিয়েছিল সরকার।