কিছু সংখ্যক হজযাত্রী হজ ভিসা নিয়ে সৌদি আরব যাওয়ার পর দেশে ফেরত না এসে বর্হিবিশ্বে অবস্থান করে দেশের ভাবমূর্তি ও স্বার্থ ক্ষুণ্ণ করছেন ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সরকার দলীয় সদস্য মো. ইসরাফিল আলমের (নওগাঁ) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতীয় হজ ও ওমরাহ নীতিমালার আলোকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।
সংসদে হজ ও ওমরাহ নীতিমালার আলোকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে জানান অধ্যক্ষ মতিউর রহমান।
তিনি বলেন, এ বছর ১৪ হাজার হজযাত্রী ফেরত আসেনি এজন্য ১০৪টি হজ ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিলসহ ২ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
ওমরার নামে ভবিষ্যতে যাতে কেউ যেন ব্যবসা করতে না পারে সেজন্য এ ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, গত দুই বছরে সরকারি খরচে ৩৮১ জন হজ করেছেন— এর মধ্যে ২০১৪ সালে ১২৫ জন এবং ২০১৫ সালে ২৫৬ জন।
বেগম মাহজাবিন মোরশেদের (মহিলা আসন-৪৫) অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইসলামিক ফাউন্ডেশনের জরিপ ২০০৮ অনুযায়ী সারাদেশে মসজিদের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ১৭৬টি। এর মধ্যে শুধু ঢাকা শহরেই ২ হাজার ৭৭৭টি।
বেগম মাহজাবিন খালেদের (মহিলা আসন-১৮) অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হজের সময় হজের সময় দুর্ঘটনায় এক জন এবং মিনা দুর্ঘটনায় ১৪৪ জন মোট ১৪৫ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। হজের সময় সৌদি আরবে মৃত্যুবরণকারী বাংলাদেশি কোনো হজযাত্রীর মরদেহ ইতোপূর্বে দেশে পাঠানো হয়নি।
কাজী ফিরোজ রশীদের (ঢাকা-৬) এ সংক্রান্ত অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ক্রেন দুর্ঘটনায় নিহত এবং আহত হাজিদের ক্ষতিপূরণ ঘোষণা করলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বাংলাদেশ সরকারও ক্ষতিপূরণ দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।