বিলুপ্ত আঙ্গোরপোতা দহগ্রাম ছিটমহল নিয়ে গঠিত ইউনিয়নে গ্রামীনফোনের থ্রি জি মোবাইল নেটওয়ার্ক আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম থ্রি জি নেটওয়ার্ক ব্যবহার করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় সারাদেশে প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দিতে ও নাগরিকদের জীবনযাত্রার মানউন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী।
এ এলাকাকে এখন আর কেউ মঙ্গা অঞ্চল বলতে পারবে না—উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দহগ্রামে মানুষ যেন আরো উন্নত সেবা পায় সেজন্য কমিউনিটি ক্লিনিক, ডিজিটাল সেন্টারসহ বিভিন্ন সুবিধা দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে তারানা হালিম বলেন, থ্রিজি সিষ্টেম চালুর ফলে ছিটমহলের মানুষ ও শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির ব্যবহারে একধাপ এগিয়ে যাবে।
পরে প্রতিমন্ত্রী শিশুবিবাহ প্রবণ উপজেলা হাতীবান্ধায় যান। দুপুরের পর হাতীবান্ধা উপজেলা চত্বরে এক সমাবেশে প্রতিমন্ত্রী হাতীবান্ধা উপজেলাকে শিশু বিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা দেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। ৭১’র মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করে দেশকে কলঙ্ক মুক্ত করার প্রক্রিয়া চলছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান স্বাধীনতা দিয়েছেন। তার কন্যা ছিটমহলবাসীর স্বাধীনতা ও দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। ২০২১ সালে মধ্য আয়ের দেশ হিসেবে বাংলাদেশ স্থায়ীভাবে মর্যাদাশীল হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বাংলার প্রতিটি গ্রামে প্রতিটিঘরে তথ্য প্রযুক্তির ছোঁয়া ও সমৃদ্ধি আসবে— বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে বলেও জানান তারানা হালিম।
বাল্যবিবাহ সম্পর্কে তিনি বলেন, শিশু বিবাহ সামাজিক ব্যাধি। আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আপনার শিশুকে স্কুলে পাঠান। পড়াশুনার দায়িত্ব সরকারের। সূত্র: বাসস