বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার বীজ কাউকে বুনতে দেয়া হবে না—হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক শক্তি সুযোগ পেলেই গর্জে উঠার চেষ্টা করছে।
বুধবার রাজধানীর বাসাবোতে কঠিন চীবর দান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় দেশের মাটিতে এ অপশক্তিকে কোনো সুযোগ না দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান সৈয়দ আশরাফ।
জামাত নেতা আলবদর কমান্ডার যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে পাকিস্তান যে রকম ঔদ্ধত্য প্রকাশ করেছে তার তীব্র নিন্দা জানিয়ে আসছে বাংলাদেশ।
পাকিস্তানের এমন উস্কানিমূলক বক্তব্য প্রসঙ্গে জনপ্রশাসনমন্ত্রী বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ— সাম্প্রদায়িকরা একটু সুযোগ পেলেই গর্জে ওঠার চেষ্টা করছে।
আলোচনা শেষে গৌতম বুদ্ধের উদ্দেশে ফলমূল, মিষ্টান্ন ও খাবার উৎসর্গ করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পরে ভিক্ষুদের দেয়া হয় কঠিন চীবর।