দুই যুদ্ধপরাধীর ফাঁসি কার্যকরের ঘটনায় প্রতিবাদ ও উদ্বেগ জানাতে ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের পর পাকিস্তান সরকারের প্রতিক্রিয়া চলছেই।
বুধবার জাতীয় পরিষদে সরকার দলীয় সংসদ সদস্য শেখ আফতাব আহমেদ এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকার পাকিস্তানি সংস্করণ ' দ্য এক্সপ্রেস ট্রিবিউন'।
এতে বলা হয়, ওই সাংসদ বলেছেন, একাত্তরে যুদ্ধ হয়েছিল ভারত-পাকিস্তানের মধ্যে তাই ওই সময়ে পাকিস্তানকে সহায়তাকারীদের বিচার করা অযৌক্তিক।
প্রতিবাদ স্বরূপ ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকে প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি আহ্বান জানান পিটিআইয়ের এক সাংসদ।
এর আগে মঙ্গলবার পাকিস্তানের সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে বাংলাদেশে বিরোধীদলীয় নেতাদের 'ত্রুটিপূর্ণ যুদ্ধাপরাধের বিচারের' নিন্দা করেন এবং বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান।
সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকরকে 'দূর্ভাগ্যজনক' অভিহিত করে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার বিষয়টিকে অভ্যন্তরীণ বিষয়ে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ বলে মনে করে।