পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিক না হলে সেখানকার জনগণ নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণে সবকিছু করবে। এতে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় সরকারের।
শান্তিচুক্তির ১৮তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা এমন মন্তব্য করেন।
আগামী ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ১৮ বছর উপলক্ষে আগাম সংবাদ সম্মেলনে জনসংহতি সমিতির সভাপতি আবারো অভিযোগ করেন, চুক্তি বাস্তবায়নে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ না নিয়ে সরকার মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।
সন্তু লারমা আরো বলেন, এ অবস্থা চলতে থাকলে পার্বত্য চট্টগ্রামের জনগণ নিজ স্বার্থ রক্ষায় যে কোনো কিছু করতে প্রস্তুত এবং এতে কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় সরকারকেই নিতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিশিষ্টজনরাও মনে করেন, শান্তিচুক্তি নিয়ে সরকার তার অবস্থান বরাবরই অপরিষ্কার রেখে সে অঞ্চলকে সাম্প্রদায়িক অঞ্চল বানানোর পাঁয়তারা করছে। পার্বত্য চট্টগ্রামকে সাম্প্রদায়িক অঞ্চল বানানোর চেষ্টা চালছে, যা থেকে সরে না এলে দেশে-বিদেশে সরকারের সুনাম ক্ষুণ্ণ হবে।