স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন ফেইসবুক ব্যবহার নিরাপদ মনে করবে, তখনই খুলে দেয়া হবে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে আয়োজিত বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক, ভাইবার, মেসেঞ্জার বন্ধ রাখার ফলে বড় ধরনের নাশকতা এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি করেছেন তারানা হালিম।
এসব মাধ্যম ব্যবহার করে অপরাধীরা সহজেই সঙ্গবদ্ধ হয়ে থাকে— উল্লেখ করে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, যারা বিকল্প উপায়ে ফেইসবুক, ভাইবার ব্যবহার করছে, তাদের অ্যাকাউন্ট ঝুঁকিতে রয়েছে।
এসব যোগাযোগের মাধ্যম খুলে দেয়ার বিষয়ে তিনি আবারো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পেলেই খুলে দেয়া হবে।
ফেসবুক সাময়িকভাবে বন্ধ রাখার পরও যারা ব্যবহার করছেন তাদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ না করে ফেসবুক শতভাগ বন্ধ রাখা যায় না।
তারানা হালিম বলেন, ফেসবুক সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয়— ইন্টারনেট যতক্ষণ না সম্পূর্ণ শাটডাউন করেন। সেটা আমরা করতে চাই না। আমরা ইন্টারনেট শাটডাউন করবো না।
বিকল্প পথে ফেইসবুক দীর্ঘদিন ব্যবহার করা যাবে না—উল্লেখ করে তিনি আরো বলেন, ব্যান্ডউইথ ক্যাপাসিটি কম হলে ব্যবহার করতে পারবেন না। নাশকতাকারীরা ব্যবহার করলেও দ্রুত ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন না বলে দাবি করেন প্রতিমন্ত্রী।