পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের কাঁচাপাট রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর সঠিক বাস্তবায়নের জন্য পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের কাচাঁপাট রপ্তানি বন্ধ রাখা হয়েছে।
গত রোববার (২৯ নভেম্বর) পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, পলিথিন ও প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে এখন থেকে পণ্য কেনাবেচায় পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। ধান, চাল, গম, ভূট্টা, চিনি ও সার ক্রয়-বিক্রয়ে ব্যবহার করতে হবে পাটজাত ব্যাগ বা বস্তা।
এরপর সোমবার (৩০ নভেম্বর) তিনি বলেন, কোনো ব্যবসায়ী বা মিল মালিক নির্ধারিত পণ্যে পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে।