রাজধানীর গুলশান ১ এর ২৯ নম্বর সড়কের লেকের পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। সেইসঙ্গে লেকের ওই অংশের উদ্ধার কাজ পরিচালনা করেছে তারা।
শুক্রবার গুলশানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও লেকের অংশ উদ্ধার অভিযান চলাকালে এ কথা বলেন রাজউকের চেয়ারম্যান জয়নাল আবেদীন ভুঁইয়া।
তিনি বলেন, জলাধার ও জলাশয় আইন যথাযথ বাস্তবায়নের লক্ষ্যেই এ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। রাজধানীর প্রতিটি জলাধার ও জলাশয় উদ্ধার এবং সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান যথাযথভাবে বাস্তবায়ন করার প্রতিশ্রুতিও দেন তিনি।
এদিকে, উচ্ছেদকৃত পরিবারের দাবি বৈধভাবেই গত ১৪ বছর ধরে বসবাস করছেন তারা। ২০০১ সালে প্রায় ৪ কাঠা আয়তন লেকের অংশ ভরাট করে ঘর বানিয়ে জাকির নামের এক ব্যবসায়ী কয়েকজনকে বসবাস করতে দেন।
সে সময় জাকিরকে ওই স্থান ছাড়ার নোটিস দেয় রাজউক। পরে জাকিরের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রাজউককে উচ্ছেদ না করার নির্দেশ দেয় হাইকোর্ট। তবে মামলাটি আপিল বিভাগ পর্যন্ত গড়ালে সর্বোচ্চ আদালত রাজউকের পক্ষে রায় দেয়।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গুলশান ১ এর ১৯ নাম্বার রোডের মাথার অবৈধ স্থাপনা উচ্ছেদ ও লেকের অংশ উদ্ধার অভিযান শুরু করে রাজউক। যা শুক্রবার সকাল পর্যন্ত চলে।