রাজধানীর জলাবদ্ধতা দূর করতে শিগগিরই কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র অতিরিক্ত সচিবকে প্রধান করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে কমিটিকে কাজ শুরু করার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার বিকেলে সচিবালয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, ঢাকা ওয়াসাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
গত কয়েক বছর ধরেই বর্ষা মৌসুমে রাজধানীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এ নিয়ে সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী।
ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ছাড়াও ঢাকা ওয়াসার ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে, আসছে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা যাতে সৃষ্টি না হয় এজন্য একটি কমিটি গঠন করে দেয়া হয়।
পরে ব্রিফিং এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, প্রাথমিকভাবে রাজধানীর তেরোটি খাল পুনরুদ্ধার করে জল নামার পথ করে দেওয়া হচ্ছে।
এছাড়াও রাজধানীর জলাবদ্ধতা সম্পূর্ণভাবে দূর করতে পাঁচ বছরের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে বলা হয়েছে কমিটিকে।