শক্তিশালী গ্রামীণ অর্থনীতি গড়তে সরকার টার্গেট নির্ধারণ করে কাজ করছে—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশকে এগিয়ে নিতে শহরের পাশাপাশি গ্রামীণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন এখন জরুরি হয়ে পড়েছে।
রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশকে বিদেশ থেকে এখন আর খাদ্য আমদানি করতে হয় না বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া খাদ্য প্রক্রিয়াজাতকরণে সরকারের আগ্রহের কথাও জানান তিনি।
বাংলাদেশের ৬.৫ প্রবৃদ্ধিকে এসময় বিরল হিসেবে অভিহিত করেন বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট।
পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর তথাগত রায়। বাংলাদেশের পানির ন্যায্য হিস্যাকে ভারত অস্বীকার করে না উল্লেখ করে পানি বন্টন বিষয়ে সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন এ গভর্নর।