ভূমি, প্রাথমিক ও গণশিক্ষা, শিক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ, জ্বালানি ও খনিজ সম্পদ এই ৫ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারির পাশাপাশি ছয় কর্মকর্তার বদলি সংক্রান্ত আদেশ জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।
নতুন সচিব দিয়েছে সরকার, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার ইউনিট এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে এসেছেন দুই ভারপ্রাপ্ত সচিব। এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে আরেক কর্মকর্তাকে।
নতুন নিয়োগ অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলমকে ভূমি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য মো. হুমায়ুন খালিদ পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব।
বিসিএস প্রশাসন অ্যাকাডেমির রেক্টর মো. সোহরাব হোসাইনকে শিক্ষা সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এন এম জিয়াউল আলমকে করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার)।
এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরীকে একই বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
এছাড়া ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রব হাওলাদারকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করেছে সরকার।