মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমববার সকাল ৮টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে বেদীতে ওঠেন। প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে দলের নেতাদের নিয়ে আবারো শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এরপর, শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পীকার ফজলে রাব্বী। এ সময় সেখানে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে স্মৃতিসৌধ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেয়া হয়।
সকাল ৯টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।
এদিকে, দিবসটি উদযাপনে সারাদেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।