সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সশস্ত্র সালাম দেয় তিন বাহিনীর চৌকষ দল। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর একে একে শ্রদ্ধা জানান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। পরে ঢল নামে সাধারণ মানুষের।
কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
এরপর বুধবার সকালে বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকেও প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জনতার ঢল নামে।