যুদ্ধাপরাধী ও বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের হোতাদের ফাঁসির রায় কার্যকরের মধ্যে দিয়ে বাংলাদেশে যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এর অগ্রযাত্রাকে কোনো সাম্প্রদায়িক শক্তিই রুখতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
বুধবার রাজধানীতে মহান বিজয় দিবসের শোভাযাত্রার আগে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
বিজয়ের ৪৪তম বার্ষিকীতে বুদ্ধিজীবী হত্যার অন্যতম হোতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি কিছুটা হলেও কলঙ্কমুক্ত হয়েছে বলেও জানান গোলাম কুদ্দুস।
অনুষ্ঠানে সাম্প্রদায়িক শক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য তরুণ প্রজন্মকে অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান আই টি আই’র সভাপতি রামেন্দু মজুমদার।
ঢোল বাদ্যের তালে তালে নেচে-গেয়ে এবার বিজয় দিবসে রাজধানীতে শোভাযাত্রা বের করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। দেশের সকল বরেণ্য ব্যক্তিদের ছবি সংবলিত প্ল্যাকার্ড এতে শোভা পায়। বর্ণিল সাজ-সজ্জা আর উল্লাসের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসার বহিঃপ্রকাশ সকলের চোখে-মুখে। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট, মৎস্য ভবন ও শাহবাগ মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এসে শেষ হয়।