বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর এই তার প্রথম স্বদেশ সফর।
রোববার দুপুরে স্বামীকে নিয়ে লন্ডন থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রীর ভাগ্নি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর থেকে সরাসরি ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকীর বাসায় যান টিউলিপ। বিকেলে তার গণভবনে যাওয়ার কথা রয়েছে।
সিলেটে এক ঘণ্টা যাত্রা বিরতি ছিল। তখন ওসমানী বিমানবন্দরে সিলেটের আওয়ামী লীগ নেতারা টিউলিপের সঙ্গে দেখা করেন।
গত মে মাসে যুক্তরাজ্য পার্লামেন্টের নির্বাচনে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন শেখ রেহানার মেয়ে টিউলিপ।
এ আসনে ১১৩৮ ভোটে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করেন টিউলিপ।
লেবার পার্টির রাজনীতিতে ‘উদীয়মান তারকা’ টিউলিপ সেপ্টেম্বরে সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক শ্যাডো মিনিস্টার মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিবের (পিপিএস) স্থায়ী দায়িত্ব পান।
এছাড়াও তিনি নারী ও সমতা বিষয়ক যুক্তরাজ্যের পার্লামেন্টারি সিলেক্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
টিউলিপের স্বামী ক্রিস পার্সি একজন ব্রিটিশ। ২০১৩ সালে রিজেন্ট পার্ক এলাকার কাউন্সিলর থাকার সময় যুক্তরাজ্যের এ নাগরিককে বিয়ে করেন টিউলিপ।
টিউলিপ সন্তান সম্ভবা –আগামী এপ্রিলে তার সন্তান পৃথিবীর আলো দেখবে।