রাজধানীর মতিঝিলের হাজি ম্যানশনে আগুনে হুড়োহুড়ি করে নামতে গিয়ে এস এম শাহনেওয়াজ বিন তাবিথ (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ওই ব্যক্তির সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, তিনি শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক ও মিরপুর শিশু হাসপাতালের পরিচালক।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহমুদ জানান, দুপুর সোয়া ১২টার দিকে ১০ তলা ওই ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। সেখান থেকে ধোঁয়া অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। এই ভবনে বেশ কিছু ব্যাংকসহ কিছু আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে। আগুন লাগার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
ঢাকা মেডিকেলের সূত্রের তথ্যমতে, শাহনেওয়াজ বিন তাবিথ হাজি ম্যানসনে থাকা একটি ব্যাংকে যান। সেখানে আগুন লাগার খবর পেয়ে তিনি প্রথমে ওই ভবনের ছাদে যান। সেখান থেকে লাফিয়ে অন্য ভবনের ছাদে যান। এ সময় তিনি অচেতন হয়ে পড়েন।
মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন তাকে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক পরে সাংবাদিকের এ তথ্য নিশ্চিত করেছেন।