সুশীল সমাজ সরকারের তোষামোদকারী নয়— তাই সরকারের গুণকীর্তন করাটাও তাদের কাজ নয় বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান। সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করায় বর্তমানে সুশীল সমাজের প্রতিনিধিরা খুবই চাপের মুখে আছেন বলেও জানান তিনি।
সোমবার সকালে রাজধানীতে টেকসই উন্নয়নের স্থানীয়করণ নিয়ে, ব্র্যাক ও হাঙ্গার প্রজেক্ট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. আকবর আলী খান বলেন, শিক্ষা ও স্বাস্থের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ রোধের মত বিষয়গুলো স্থানীয় সরকারের হাতে দিলে, এসডিজি ফলপ্রসু বাস্তবায়ন সম্ভব হবে। তবে এমডিজি বাস্তবায়নে অনেক ক্ষেত্রে বাংলাদেশ সফল হলেও, কিছু কিছু ক্ষেত্রে আগেরও চেয়ে অবস্থা আরও খারাপ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের দৃষ্টিভঙ্গির কারণে, এসডিজিতে সুশীল সমাজের সম্পৃক্ত হওয়া খুব কঠিন বলে জানান সাবেক এ উপদেষ্টা।
এ সময় কেন্দ্রীয় সরকারের কাজের সঙ্গে সমন্নয় রেখে, স্থানীয় উন্নয়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেয়ার পক্ষে মত দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা ছাড়া, এসডিজির সফল বাস্তবায়ন সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
ক্ষুধা ও দারিদ্র্যের অবসান এবং সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ, ১৭ টি লক্ষ্য এবং ১৬৯টি অভীষ্ঠ নিয়ে আগামী জানুয়ারি থেকে বিশ্বব্যাপী একযোগে শুরু হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নের কাজ। এ বিষয়টি পাওয়ার পয়েন্টে উপস্থাপনা করেন হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার।