মানবপাচারের অভিযোগে নয় মাস বন্ধের পর বাংলাদেশিদের ওমরাহ ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।
সোমবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হুসাইন জানিয়েছেন, আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে ধর্ম মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে।
গত ১৪ ডিসেম্বর সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক চিঠিতে ওমরাহ ভিসা খুলে দেয়ার তথ্য জানিয়েছে।
তিনি বলেন, আগামী বছরের ওমরাহ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে ৭০টি হজ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের ৩০০ হজ এজেন্সি থাকলেও ২০৪টি বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে— যেসব এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের ওমরাহ কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।
হজের নামে মানবপাচারের অভিযোগে গত মার্চ মাস থেকে বাংলাদেশিদের ওমরাহ ভিসা দেয়া বন্ধ রেখেছিল সৌদি আরব।
উল্লেক, ২০১৪ সালে বাংলাদেশ থেকে ওমরাহ করতে ১১ হাজার ৪৮৫ জন সৌদি আরব গিয়ে ফেরত আসেননি বলে এর আগেই জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
সৌদি আরবে ওমরাহর নামে মানব পাচারের অভিযোগের প্রমাণ মেলায় ৯৫টি হজ এজেন্সিকে গত ১৮ নভেম্বর শাস্তি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এর মধ্যে ৬৯টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল ছাড়াও সেগুলোর জামানত বাজেয়াপ্ত ও জরিমানা করা হয়। শুধু জরিমানা করা হয়েছে ২৬টি এজেন্সিকে।