স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রাশেদুল হোসেন মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বার্ধক্যজনিত কারণে মারা যান রাশেদুল হোসেন। তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় বেতার ভবনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, গাজী মাজহারুল আনোয়ার ও রাশিদুল হোসেনের একমাত্র ছেলে মনির হোসেনসহ তার অসংখ্য শুভাকাঙ্খী।
জানা গেছে, বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এ শব্দসৈনিককে।
উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল ‘জয় বাংলা বাংলার জয়’ বা ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’ গানগুলো। এ গানগুলো যুদ্ধের ময়দানে দেশের প্রতি মমত্ব ধরে রাখতে সাহায্য করেছিল। এখনো এসব গান আমাদের যেন যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে নিয়ে যায়।