অষ্টম জাতীয় বেতন স্কেলে উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদধারীদের নবম গ্রেডে বেতন স্কেল নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে প্রকৌশলীদের বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এ সময় ৮ম বেতন স্কেলে ৩টি টাইম স্কেল অব্যাহত রাখার দাবি জানান বক্তারা। ডিগ্রি ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্টের ব্যবস্হা আছে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তা থেকে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
গৃহশ্রম নীতিমালা-২০১৫ পাস হওয়ায় আনন্দ মিছিল করেছেন গৃহকর্মীরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন এ আনন্দ মিছিলের আয়োজন করে। দ্রুত এই নীতিমালা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান নারী নেত্রীরা।
মানবাধিকার রক্ষায় এই নীতিমালা বিশেষ ভূমিকা রাখবে উল্লেখ করে গৃহকর্মীদের সঙ্গে ভালো আচরণ করার আহ্বানও জানান তারা।
"রবিদাস" জাতিগোষ্ঠীকে আদিবাসী গেজেটে অন্তর্ভুক্তিকরণের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ আয়োজিত আলোচনা সভায় তারা এ দাবি জানান।
জাতিসংঘসহ আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও স্বীকৃত আদিবাসী হিসেবে বিবেচনার যে সকল বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার প্রত্যেকটি রবিদাস জাতিসত্তার মধ্যে আছে বলে জানান বক্তারা।
দেশের বিভিন্ন এলাকা থেকে রবিদাস নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধনেরও আয়োজন করা হয়।