লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন এদেশকে সকলের সহযোগিতায় এগিয়ে নিয়ে যেতে হবে—বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই মুক্তিযুদ্ধের মূল চেতনা বলেও জানান তিনি।
শুভ বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাতে গণভবনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
২০০১ নির্বাচন পরবর্তী সহিসংতার চিত্র তুলে ধরে তিনি বলেন, বিএনপি-জামাত ক্ষমতায় থাকলে মানুষের ওপর নির্যাতন নেমে আসে।
সকলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী আরো বলেন, সকল বাধা অতিতক্রম করে এদেশ এগিয়ে যাচ্ছে।
পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, কারো অন্যায় আবদারের কাছে মাথা নত করবে না বলেই তার সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে শুভ বড়দিন উপলক্ষে ধর্মীয় সঙ্গীত আর প্রার্থনার মধ্য দিয়ে দেশ ও জনগণের মঙ্গল কামনা করা হয়।
পরে বড়দিন উপলক্ষে খ্রিস্টান অ্যাসোসিয়েসনের নেতাদের সঙ্গে কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।