বাংলাদেশ শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী— এইদেশ প্রতিবেশি সব দেশের সঙ্গেই বন্ধুত্ব চায়, তবে আত্মরক্ষা করার ক্ষমতাও থাকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতির বিভিন্ন সূচকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে রয়েছে বলেও জানান তিনি।
বুধবার সকালে চট্টগ্রাম নেভাল অ্যাকাডেমিতে নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মহান স্বাধীনতা যুদ্ধে নৌবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপথে বাণিজ্য ছাড়াও সমুদ্র সম্পদ রক্ষা, আহরণ ও বাণিজ্যে ব্যবহার করা নৌবাহিনীর দায়িত্ব।
নৌবাহিনীকে আরো শক্তিশালী, আধুনিক ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা।
পরে তিনি নৌবাহিনীর ডিরেক্টর অফিসার ও মিডশিপম্যান পদে কমিশনপ্রাপ্ত ৭৭ জনকে সনদ ও ক্রেস্ট দেন। এরপর রাষ্ট্রীয় মালিকানাধীন চিটাগং ড্রাই ডক নৌবাহিনীর কাছে হস্তান্তর করেন। এই ড্রাই ডকের অগ্রগতির ব্যপারে জোর আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।