ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে উৎসব আনন্দ ঘিরে নিরাপত্তার অংশ হিসেবে রাজধানীতে জনসাধারণের বৈধ অস্ত্র বহনেও নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ- ডিএমপি।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এ সময় তিনি বলেন ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে নিরাপত্তার কারণে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত সব ধরনের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ থাকবে।
পুলিশ কমিশনার বলেন, মাদকের বিষয়েও আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকবে— রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বসবে চেকপোস্ট, চলবে টহল।
রাজধানীর কোনো সড়কের মোড়, ফ্লাইওভার বা রাস্তায় কোনো ধরনের জমায়েত বা উৎসবের আয়োজন করা যাবে না— কোনো অনুষ্ঠান করা যাবে না উন্মুক্ত স্থানেও বলে জানান তিনি।
ওইদিন সন্ধ্যা ৬টার পর হাতিরঝিল এলাকায় কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান তিনি।
গুলশান, বারিধারা, বনানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দাদেরও রাত ৮টার মধ্যে বাড়ি ফিরতে অনুরোধ করেছে ঢাকার পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টা এবং গুলশান, বারিধারা, বনানীতে রাত ৮টার পর বাইরের কোনো ব্যক্তি বা যানবাহনকে ঢুকতে দেয়া হবে না।
সংবাদ সম্মেলনে জানানো, নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কোথাও আতশবাজি বা পটকা ফোটানো যাবে না— উন্মুক্ত স্থানে নাচ-গান- আনন্দ করাও মানা।