পৌরসভা নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না— সিটি নির্বাচনে বড় হারের অভিজ্ঞতা রয়েছে আওয়ামী লীগের এবারো হেরে গেলেও পতন ঘটবে না বলে মন্তব্য করেছেন দলের সভাপতি মণ্ডলির সদস্য ও সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এদিকে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ নিরপেক্ষ নির্বাচন থেকে সরে যায়নি পৌর নির্বাচনও সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। মঙ্গলবার দুপুর সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা।
পৌর সভা নির্বাচনে বিশৃঙ্খল পরিস্থিতে এড়াতে নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেন বিব্রতকর অবস্থায় পড়তে না হয় সেজন্য সরকার সতর্ক আছে।
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের বক্তব্যের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন সময়ে বিএনপি চেয়ারপারসন ও নেতাদের দেয়া বক্তব্যের জবাব দেন সড়কমন্ত্রী।
বিগত দিনে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয়ের পরিস্থিতি মনে করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, আগেও নির্বাচনে সরকার হস্তক্ষেপ করেনি এবারও করবে না আর পৌর নির্বাচনে হেরে গেলে সরকারের পতনও ঘটবে না।
এদিকে, গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত মিট দ্য রির্পোটার্স অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ পৌর নির্বাচনে বিএনপির অংশগ্রহণের জন্য দলটিকে স্বাগত জানান।
তিনি বলেন, বিগত দিনের ভুল শুধরে নেয়ার চেষ্টা করছেন বিএনপি চেয়ারপারসন।
এসময় সম্প্রতি মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, এ বক্তব্যের মধ্য দিয়ে খালেদা জিয়া নিজেকে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে প্রমাণ করেছেন।