নির্বাচন কমিশন- ইসি বিএনপির প্রতি অতি সদয় আচরণ করছে—আর এটা করতে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে তারা বিমাতাসুলভ আচরণ করেছে এ মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবু্ব উল আলম হানিফ।
মঙ্গলবার আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কমিশন প্রতি অভিযোগ করে হানিফ বলেন, প্রচার-প্রচারণায় আওয়ামী লীগের জন্য সমান সুযোগ তৈরি করতে পারেনি।
বিএনপির ‘মিথ্যে’ অভিযোগ পেয়ে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই কমিশন ব্যবস্থা নিচ্ছে যা কোনোভাবেই কাম্য বলে জানান তিনি।
সাংবাদিকরা সুষ্ঠু নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সংশয় আছে কিনা— এ প্রশ্ন উত্তরে তিনি বলেন, কমিশনের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। তবে এরমানে এই নয় যে, নির্বাচন সুষ্ঠু হবে না— আওয়ামী লীগ নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল।
হানিফ বলেন, চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার বিএনপি প্রার্থী আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন কমিশন আওয়ামী লীগের ওপর চাপ দিচ্ছে অথচ সে সরে দাঁড়াচ্ছেন তার পুত্রবধূর মামলার কারণে। একইভাবে লক্ষ্মীপুরে বিএনপির মেয়র প্রার্থীকে আটকে রাখা হয়েছে বলা হচ্ছে। জানা গেছে ওই মেয়র প্রার্থী নিজের বাসায় আছেন।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন কেন্দ্রীয় নেতা আবদুর রাজ্জাক, আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
এদিকে, নির্বাচন অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর করতে সকল দলের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
দলের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হানিফ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে সবার সহযোগিতা করা উচিত।
হানিফ আরো বলেন, পৌর নির্বাচনের ফলাফলে সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, বিএনপি আদৌ নির্বাচনে থাকবে কিনা এ নিয়ে এখনো সংশয় রয়েছে।
বিএনপি নেত্রী বাক সন্ত্রাসীতে পরিণত হয়েছেন—এ কথা উল্লেখ করে এ সময় তিনি অভিযোগ করেন, লাগাতার মিথ্যাচারের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে ভয়ভীতি দেখাচ্ছে বিএনপি।