দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি ২০১৫ সালে ছিল উদ্বেগজনক। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র: আসকের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে এ প্রতিবেদন তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
সুলতানা কামাল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ার, বন্দুকযুদ্ধসহ বিচারবহির্ভূত হত্যাকান্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন বিগত বছরে বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সারাদেশে ৮৬৫টি রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ১৫৩ জন। যার মধ্যে ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিএনপি- জামাতের দুই মাসব্যাপি আন্দোলনে পেট্রোল বোমা ও আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন ৭০ জন।
আর বিচার বর্হিভূত হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ক্রসফায়ারে মারা গেছে ১৮৩ জন।
এ সময় ২০১৫ সালে গুম - গুপ্তহত্যা, গণপিটুনি, মানবপাচার, মত প্রকাশের অধিকার, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষণ, এসিড নিক্ষেপ, সীমান্ত হত্যা এবং ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের চিত্রও তুলে ধরেন আসক নির্বাহী।