নগরবাসীর সদিচ্ছা থাকলে অল্প সময়ের মধ্যেই, ঢাকাকে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব- বলে জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঘোষিত ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ এর উদ্বোধন করে একথা বলেন তিনি।
পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে নগরবাসীকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক পরিচ্ছন্ন ঢাকা গড়তে নিজের স্বপ্নের কথা তুলে ধরে, এ কার্যক্রমকে সফল করতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
আর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, দক্ষিণ সিটির এ কার্যক্রম সফল করতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত বাসাবাড়ি ও দোকানপাটের আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।
পরে শাখারীবাজার এলাকায় রাস্তা ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন বছরের সূচনা করেন পরিকল্পনামন্ত্রী, দক্ষিণ সিটি মেয়র ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষণা করেছে দক্ষিণ সিটি করপোরেশন। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং দক্ষিণের মেয়র সাঈদ খোকন।